হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো পিছু হটতে শুরু করেছে। আগে যেখানে প্রণালির মুখে যুক্তরাষ্ট্র নিয়মিত সামরিক উপস্থিতি বজায় রাখত, বর্তমানে তারা সেখান থেকে অন্তত ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে ইরান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি এক বিবৃতিতে এ চাঞ্চল্যকর তথ্য জানান।
বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেন, "ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর পুরো হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিত। কিন্তু বর্তমানে এই কৌশলগত বাণিজ্যিক জলপথে কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে আমেরিকার একটিও যুদ্ধজাহাজ নেই। যুক্তরাষ্ট্রের সবকটি যুদ্ধজাহাজ প্রণালির মুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে।"
আমেরিকার সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আইআরজিসি মুখপাত্র আরও বলেন, "দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো মার্কিন সামরিক বাহিনীর নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রের যেসব হুমকি দৃশ্যমান হচ্ছে, তা মূলত তাদের পরাজয়কে বিজয় হিসেবে উপস্থাপন করার একটি ব্যর্থ অপচেষ্টা মাত্র।"
সম্প্রতি ওয়াশিংটন দাবি করেছিল যে, তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। মার্কিন কর্তৃপক্ষের সেই দাবিকে ইরান বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছে এবং এর মাঝেই তেহরানের পক্ষ থেকে মার্কিন রণতরী দূরে সরে যাওয়ার এই খবরটি সামনে এল।
উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই বিভিন্ন দেশে পরিবাহিত হয়। প্রণালিটির একপাশে ইরান এবং অন্যপাশে ওমান অবস্থিত।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী ইরানে সামরিক অভিযান শুরু করার পর তেহরান আন্তর্জাতিক এই বাণিজ্যিক পথে বিদেশি জাহাজ চলাচলে কড়া অবরোধ জারি করে। এর পাল্টা জবাব হিসেবে আমেরিকাও ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে নৌ-অবরোধ ঘোষণা করে। পরবর্তীতে পরিস্থিতি শিথিল করতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী উভয় পক্ষই নিজ নিজ অবরোধ তুলে নিয়েছিল।
তবে সম্পর্কের টানাপোড়েনে গত ১৩ জুলাই ইরান ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় এবং হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ আরোপ করে। এর ফলে কৌশলগত এই সমুদ্রপথে নতুন করে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, মার্কিন যুদ্ধজাহাজ দূরে সরে যাওয়ার প্রক্রিয়ায় তাতে নতুন মোড় এল বলে মনে করছেন বিশ্লেষকরা।
(সূত্র: এএফপি, জিও নিউজ)
আপনার মতামত লিখুন :