দেশের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬, ০৪:১১
স্বপ্নভূমি ডেস্ক :
ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আধুনিক শিক্ষাব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, "আমরা অতীতে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা গ্রহণ করেছি, বর্তমান শিক্ষাব্যবস্থা সেটির চেয়ে সম্পূর্ণ আলাদা ও আধুনিক। বর্তমান শিক্ষাব্যবস্থা মূলত ইনোভেশন (উদ্ভাবন), স্টার্ট-আপ এবং প্রজেক্ট বেইজড (প্রকল্পভিত্তিক)।" শিক্ষার এই গুরুত্বকে সর্বোচ্চ বিবেচনায় নিয়েই বর্তমান বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উপজেলার মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে ৬টি কলেজ রয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা ও মেধার প্রতিফলনে তৈরি মোট ২৯টি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সুধী সমাজ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
আপনার মতামত লিখুন :