চিরবিদায় নিলেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল ২০২৬, ১১:০৪
বিনোদন ডেস্ক
ভারতীয় সঙ্গীতের আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে আর নেই। আজ রোববার দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
পারিবারিক ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকেই অসুস্থ বোধ করছিলেন এই প্রবীণ শিল্পী। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আজ দুপুরে বিদায় নেন সুরের এই জাদুকর। তার অসুস্থতার খবর শুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।
১৯৩৩ সালে মহারাষ্ট্রের এক সঙ্গীতানুরাগী পরিবারে জন্ম গ্রহণ করেন আশা। পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের কাছেই ছিল তার হাতেখড়ি। দিদি লতা মঙ্গেশকরের ছায়ায় বড় হলেও নিজের কণ্ঠের স্বতন্ত্র শৈলী দিয়ে তিনি জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। জীবনের শুরুর দিকে ব্যক্তিগত ও পারিবারিক নানা টানাপোড়েন থাকলেও সুরের সাধনা থেকে কখনো বিচ্যুত হননি তিনি। ১৯৮০ সালে তিনি প্রখ্যাত সুরকার রাহুল দেব বর্মণের (আর ডি বর্মণ) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্রে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন আশা ভোঁসলে। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে হিন্দি, বাংলা, মারাঠিসহ প্রায় ২০টি ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পপ, গজল, ভজন কিংবা ক্যাবারে— সব ধারাতেই তার কণ্ঠ ছিল অপ্রতিদ্বন্দ্বী।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ২০০০ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ এবং ২০০৮ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’-এ ভূষিত করে। এছাড়াও অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :