• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিষিদ্ধ হওয়ার পরও গোপনে তৎপরতা: যশোরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড়


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ মে ২০২৬, ১০:৩৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রকাশ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যশোর জেলা ছাত্রলীগের বিরুদ্ধে।

সম্প্রতি জেলা ছাত্রলীগের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ৯ মে ২০২৬ তারিখে স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছেন। অনুসন্ধানে জানা গেছে, গত ৬ মে ২০২৬ তারিখে বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে পদ-প্রত্যাশীদের আগামী ২২ মে ২০২৬ তারিখের মধ্যে jashorebsl.official@gmail.com ঠিকানায় সিভি পাঠাতে বলা হয়েছে। তবে এবারের সিভিতে শিক্ষাগত যোগ্যতার সনদের পাশাপাশি একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তা হলো— ৫ আগস্ট পরবর্তী সময়ে সংগঠনের পক্ষে চালানো কার্যক্রমের ছবি বা ভিডিও লিংক জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য:
  • সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদ বা মার্কশিটের কপি।
  • জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি।
  • আবেদনকারীর ফেসবুক আইডির লিংক বা কিউআর কোড।

নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষ থেকে এমন প্রেস বিজ্ঞপ্তি ও ই-মেইলে তথ্য সংগ্রহের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও "সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির" দোহাই দিয়ে এই গোপন তোড়জোড়কে অনেকে ভিন্ন চোখে দেখছেন।