ডিবি যশোরের অভিযানে ২২ গ্রাম হিরোইনসহ নারী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ১৫:২২
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় ২২ গ্রাম হিরোইনসহ সাথী খাতুন (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গত ১৮ মে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ডিবি যশোরের এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে একটি দল কোতয়ালী মডেল থানা এলাকার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট থেকে চাঁচড়া গামী সড়কের পাশে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালু মিয়ার মাংসের দোকানের সামনে এক বোরকা পরিহিত নারী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাথী খাতুনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে হিরোইন থাকার কথা স্বীকার করেন। পরে নারী কনস্টেবল জারমিন খাতুনের সহায়তায় তল্লাশি চালিয়ে তার পরিহিত বোরকার ভেতরে বিশেষ কৌশলে তৈরি পকেট থেকে সাদা পলিথিনে রাখা ২২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
আটক সাথী খাতুন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় পশ্চিমপাড়া এলাকার রবিউল শিকদারের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার (১৯ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :