• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ২৬৩৫ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬, ০১:০৮
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি:
যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বর্তমান সরকারের নির্বাচনী প্রধান অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ২ হাজার ৬৩৫ জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ হাজার ৪০৪ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে সরাসরি আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বারীনগরের আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন স্থানীয় প্রশাসন, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের কৃষক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতাম চাপার সঙ্গে সঙ্গেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে সরাসরি উপকারভোগী কৃষকদের মুঠোফোনে অর্থ ও ডিজিটাল কার্ডের বার্তা পৌঁছে যায়। তাৎক্ষণিকভাবে মোবাইলে সহায়তার টাকা পেয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত কৃষকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নির্বাচিত কৃষকদের হাতে সরাসরি ‘কৃষক কার্ড’ তুলে দেন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক জানান, হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হৈবতপুর ব্লকে মোট ২ হাজার ৬৩৫ জন কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪০৪ জন কৃষক পেয়েছেন দুই হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক অনুদান।

দ্রুততম সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী এই সেবা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। বানেয়ালি গ্রামের কৃষক আবু তালেব বলেন, "নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আমাদের কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এত দ্রুত তা বাস্তবে রূপ নেবে, তা ভাবতে পারিনি।" অপর উপকারভোগী কাউদিয়া গ্রামের আব্দার আলী জানান, প্রাপ্ত টাকা দিয়ে তার স্ত্রী হাঁস-মুরগি পালন শুরু করবেন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় প্রবীণ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।