• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব যশোরের ৩ আগস্টের সাধারণ সভা পিছিয়ে ৬ আগস্ট


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ অগাস্ট ২০২৬, ১৭:০৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও নির্বাচন ঘিরে তৈরি হওয়া জটিলতা নিরসনে ১৪ সদস্যের একটি নতুন এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাবের বিশেষ সাধারণ সভা স্থগিত করে তা আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) পুনর্নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) ক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির যৌথ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহিত হয়। সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের বর্তমান দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করবে এই এডহক কমিটি। কমিটি ৩০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা এবং দৈনিক রুটিন কার্যাদি পরিচালনা করবে। নির্বাচন শেষে বিজয়ী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে তারা।

গঠিত এডহক কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক মবিনুল ইসলাম মবিন। কমিটিতে আরও ১২ জন সদস্য হিসেবে রয়েছেন— ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, এস এম তৌহিদুর রহমান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব এবং আকরামুজ্জামান।

যৌথ সভার গৃহীত এসব সিদ্ধান্ত আগামী ৬ আগস্ট বেলা ১১টায় ক্লাবের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। সাধারণ সভা শেষে বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা এডহক কমিটির হাতে তুলে দেবে।

প্রেসক্লাব যশোরের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিরপেক্ষ হস্তক্ষেপে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্ভুত পরিস্থিতির সমাধান হওয়ায় সভায় তাঁর প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

এছাড়া সভার শুরুতে প্রেসক্লাব যশোরের একাধিক মেয়াদের সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, গত ৯ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সম্পন্ন হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

যৌথ সভায় বর্তমান ও সাবেক নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি নির্বাচন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।