‘সীমিত হামলা হলেও জবাব হবে ভয়াবহ’: ট্রাম্পকে তেহরানের চরম হুঁশিয়ারি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৭
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের যেকোনো মাত্রার হামলা—তা যতই সীমিত হোক না কেন—তার বিরুদ্ধে ‘ভয়ঙ্কর’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার ইঙ্গিত দেওয়ার পর সোমবার তেহরান এই কঠোর প্রতিক্রিয়া জানাল।
সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, "সীমিত হামলাসহ যেকোনো আঘাতই আমাদের কাছে পরিষ্কার ‘আগ্রাসন’ হিসেবে গণ্য হবে। যেকোনো রাষ্ট্র তার আত্মরক্ষার স্বাভাবিক অধিকার হিসেবেই এই আগ্রাসনের জবাব দেবে। আমরাও এর ভয়ঙ্কর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব।"
আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প ভাবছেন কেন মার্কিন সামরিক চাপের মুখেও ইরান ‘আত্মসমর্পণ’ করছে না। এর জবাবে বাঘায়ি স্পষ্ট করেছেন যে, ইরানিরা তাদের ইতিহাসে কখনোই আত্মসমর্পণ করেনি।
ইরান ইস্যুতে একপ্রকার নীরব থাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবার মুখ খুলেছে। ইইউ-র পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, "বিশ্বে বর্তমানে অনেক যুদ্ধ চলছে, এই অঞ্চলে আমাদের আর নতুন কোনো যুদ্ধের প্রয়োজন নেই। ইরান এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে; এই সময়কে কূটনৈতিক সমাধানের জন্য ব্যবহার করা উচিত।"
এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ এখনো চলছে। দমন-পীড়ন ও গ্রেফতারের হুমকি সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোতে জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান উত্তেজনার মুখে নিরাপত্তা শঙ্কায় সুইডেন, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের পর সোমবার ভারতও তাদের ১০ হাজার নাগরিককে দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।
পারমাণবিক আলোচনার টেবিলে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয় কি না, নাকি মধ্যপ্রাচ্য নতুন কোনো বিধ্বংসী যুদ্ধের দিকে ধাবিত হয়—তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে।
সূত্র: এএফপি।
আপনার মতামত লিখুন :