রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬, ১৪:৩১
স্বপ্নভূমি ডেস্ক :
যশোরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি, যশোর মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটির আয়োজনে ছিল স্থানীয় সাংস্কৃতিক সংগঠন 'ষড়জ সংস্কৃতি কল্যাণ কেন্দ্র, যশোর'।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রফিকুল হাসান।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে দুই মহান কবির সৃষ্টি ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের রং-তুলির আঁচড়ে ফুটে ওঠে কবিদ্বয়ের প্রতিকৃতি ও তাঁদের সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় শিশুদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :