গণভোটের রায় উপেক্ষা করলে সাত দফা এক দফায় পরিণত হবে: মামুনুল হক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৮
স্টাফ রিপোর্টার :
গণভোটের রায় উপেক্ষা করলে ১১ দলীয় জোটের সাত দফা দাবি এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে নেতৃবৃন্দের নির্দেশে দেশের মানুষ নিজ নিজ বাড়ি থেকে রাজধানী ঢাকার উদ্দেশে মার্চ করার জন্য প্রস্তুত থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লি মোড়ে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, অতীতে অনেকেই অঙ্গীকারের কথা ভুলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের মুখপাত্র হিসেবে কেউ কেউ বলছেন, গণভোট বাস্তবায়নের জন্য নয়, বরং নির্বাচন আদায়ের জন্য তারা গণভোটে সম্মতি দিয়েছিলেন। তাদের এমন বক্তব্যে তারা বিস্মিত ও লজ্জিত।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দলের পরিচয় বহন করেও কেউ এমন বক্তব্য দিতে পারেন, তা দুঃখজনক। তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যের মাধ্যমে তারা দেশের ১৮ কোটি মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপিকে অপমান ও কলঙ্কিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলীয় জোটের আন্দোলনের অবস্থান তুলে ধরে খেলাফত মজলিসের আমির বলেন, শপথের চেতনায় উজ্জীবিত হয়ে তারা রাজপথে নেমেছেন। কোনো ধরনের বিশ্বাসঘাতকতা বা প্রতিশ্রুতি ভঙ্গ মেনে নেওয়া হবে না। বিএনপি যদি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের গণরায়কে উপেক্ষা করে, তাহলে সাত দফা কিংবা পাঁচ দফা নয়, আন্দোলন এক দফায় পরিণত হবে।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। সেই ডাক এলে প্রয়োজনে সবাইকে নিজ নিজ বাড়ি থেকে রাজধানী ঢাকার উদ্দেশে মার্চ করার প্রস্তুতি রাখতে হবে।
ইতিহাসের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অতীতে কোনো শাসকগোষ্ঠীর পরিণতি ভালো হয়নি। জনগণের রায় উপেক্ষা করার কারণে অতীতে স্বৈরশাসকদের ক্ষমতা ছাড়তে হয়েছে এবং দেশের বাইরে আশ্রয় নিতে হয়েছে। তাই ভালো পরিণতি চাইলে জনগণের রায় অস্বীকার করার বিপজ্জনক পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :