বেশি দামে লেবু বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬, ১১:২৭
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ মার্চ) সকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই জরিামানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রবিবার সকাল ৮ টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে লিটন শেখ নামে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় একজন লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য আড়ৎদারদের পাইকারি মূল্য যাচাই করা হয়, যাতে খুচরা বাজারের সঙ্গে দামের তারতম্য না হয়। রমজান মাসব্যাপী এমন অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :