• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

"শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকারি দল: নাহিদ ইসলাম"


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
সরকারি দলের সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করাকে গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দেওয়া জনগণের সঙ্গে এক ধরনের ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কার এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে অপমান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচন। হাজারো শহীদের রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমাদের আশা ছিল এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হবে এবং দেশ আধিপত্যবাদমুক্ত হবে। কিন্তু নির্বাচনের ফল নিয়ে কারচুপির অভিযোগ ও নানা কারণে আমাদের সেই স্বপ্ন আজ প্রশ্নবিদ্ধ।”

শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের একই দিনে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু সরকারি দল সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা প্রদান করে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। এটি সরাসরি গণভোটে আসা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো।”

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন যে, এই নির্বাচনের সঙ্গে গণভোট ছিল একটি অবিচ্ছেদ্য বিষয়। গণভোটে জনগণ যে সংস্কারের প্রস্তাবনায় রায় দিয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব এই পরিষদের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো প্রকৃত মূল্য নেই। আমরা আশা করব, সরকার দ্রুত এই ভুল সংশোধন করে শপথ গ্রহণ করবে এবং সংস্কার প্রক্রিয়াকে কার্যকর করবে।”

সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।