• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তারেক রহমান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। প্রথা অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও, এবার বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী জনগণের কাছাকাছি থাকার উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের বিশাল মন্ত্রিসভা গঠন করছে বিএনপি। এই তালিকায় খলিলুর রহমানসহ দুইজন টেকনোক্র্যাট মন্ত্রীও স্থান পাচ্ছেন। আজ সন্ধ্যার মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

এর আগে আজ সকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মাধ্যমে দলটি ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন করল।

এদিকে ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সুশাসন ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন।