বঙ্গভবনের মেইলে ভারতীয় ম্যালওয়্যার: টার্গেট জামায়াত নেতারা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯
স্বপ্নভূমি ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই একের পর এক সাইবার হামলার শিকার হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। দলটির আমিরের পর এবার সেক্রেটারি জেনারেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে। জামায়াতের দাবি, এসব হামলায় সরকারি দপ্তরের মেইল এবং ভিনদেশি ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলাম জানান, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়। হ্যাকাররা সেখানে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। পরবর্তীতে সেই পোস্টটি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের হ্যাক হওয়া ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। দলের বিশেষজ্ঞ টিম দ্রুততম সময়ের মধ্যে অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
তবে মঙ্গলবার রাতে আবারও দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক করে পূর্বের আপত্তিকর পোস্টের পক্ষে সাফাই গেয়ে নতুন পোস্ট দেওয়া হয়। রাত ৮টা ৩১ মিনিটের সেই পোস্টটি ৯টা ৩০ মিনিটের মধ্যে ডিলিট করে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয় জামায়াতের সাইবার টিম।
সংবাদ সম্মেলনে একটি চাঞ্চল্যকর তথ্য প্রদান করে সিরাজুল ইসলাম বলেন, "জামায়াতের কেন্দ্রীয় মেইল অ্যাড্রেসে বঙ্গভবনের অফিসিয়াল মেইল (assistantprogrammer@bangabhaban.gov.bd) থেকে ম্যালওয়্যার পাঠানো হয়েছিল। ফরেনসিক রিপোর্টে দেখা গেছে, এই ফিশিং ম্যালওয়্যারটি পার্শ্ববর্তী দেশ ভারতে তৈরি করা হয়েছে।"
তিনি আরও জানান, ডিপ ফরেনসিক অ্যানালাইসিসে দেখা গেছে মেইল বক্সের অরিজিন হচ্ছে bcc.gov.bd এবং এর সার্ভার বঙ্গভবনের নামে নিবন্ধিত। বিষয়টি ইতোমধ্যে সরকারকে জানানো হয়েছে এবং বঙ্গভবন কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত নেতা বলেন, "বিষয়টি নিয়ে বিএনপিসহ বিরোধী পক্ষগুলো অপপ্রচার চালাচ্ছে। আমরা এবার শুধু জিডি নয়, বরং সাইবার নিরাপত্তা আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এত বড় সংগঠনের অ্যাকাউন্ট হ্যাক হওয়াটা আমাদের ব্যর্থতা নয়, বরং দ্রুততম সময়ে তা উদ্ধার করা আমাদের সক্ষমতার প্রমাণ। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যেখানে সরকারি সম্পদ ব্যবহার করে কোনো নাগরিক বা দলের ওপর এমন অনৈতিক সাইবার হামলা চালানো হবে না।"
রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে তিনি বলেন, "ষড়যন্ত্র বা চোরাই পথে হামলা না করে আদর্শ দিয়ে লড়াই করুন। চব্বিশের জুলাই পরবর্তী বাংলাদেশে মানুষের মনস্তত্ত্ব বদলে গেছে। মানুষ এখন নেতিবাচক রাজনীতি পছন্দ করে না।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ওলিউল্লাহ নোমান ও ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।
আপনার মতামত লিখুন :