• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা আত্মসাৎ, যশোরে এক চীনা নাগরিকসহ আটক ২


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অগাস্ট ২০২৬, ০০:৪৮
ছবির ক্যাপশন: ad728

ঢাকার টঙ্গী এলাকার ইসলামী ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চীনা নাগরিক চাওশিং এবং যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম।

ভুক্তভোগী ব্যবসায়ী ও ‘মিঠু হার্ডওয়্যার স্টোরে’র মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইব্রাহিমসহ একটি চক্র দীর্ঘদিন ধরে তাঁর দোকান থেকে মালামাল কেনাকাটা করে আসছিল। পূর্বপরিচয়ের সূত্র ধরে গত সোমবার উক্ত চীনা নাগরিক ও ইব্রাহিমসহ কয়েকজন তাঁর দোকানে আসেন। তাঁরা ৪৬ হাজার টাকার পণ্য কেনার পর ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে মিঠু মজুমদারের ব্যাংক হিসাবে এককালীন সাত লাখ টাকা পাঠায়।

পরবর্তীতে প্রতারক চক্রটি জানায়, কেনাকাটার ৪৬ হাজার টাকা রেখে বাকি টাকা নগদ তুলতে তাঁদের নামে একটি ব্যাংক চেক দিতে হবে। নিজের অ্যাকাউন্টে সাত লাখ টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ব্যবসায়ী মিঠু তাঁদের একটি চেক প্রদান করেন। চক্রটি তাৎক্ষণিক ব্যাংক থেকে সেই টাকা তুলে সটকে পড়ে।

ঘটনার কিছু সময় পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ী মিঠু মজুমদারকে ব্যাংকে ডেকে পাঠায়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, টঙ্গী শাখার এক গ্রাহকের ব্যাংক হিসাব হ্যাক করে প্রতারণামূলকভাবে তাঁর অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ব্যবসায়ী মিঠু জানান, বুধবার বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে ওই চীনা নাগরিক ও ইব্রাহিমকে দেখতে পেয়ে তিনি স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, “আটক দুজনকে পুলিশ হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চীনা নাগরিকের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ব্যাংক হিসাব হ্যাকিং এবং এ ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রটিকে চিহ্নিত করতে পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করেছে।”