• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যাত্রীবেশে রিকশাচালককে নির্জনে নিয়ে কুপিয়ে রেখে যায় ছিনতাইকারীরা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে নাসিম আহমেদ (৩৫) নামে এক রিকশাচালককে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার রামনগর ইউনিয়নের খরিচাডাঙ্গার নির্জন স্থানে এই নৃশংস ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত নাসিম সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।


হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা যাত্রী বেশে ভাড়ার কথা বলে নাসিমকে খরিচাডাঙ্গার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছানোমাত্র ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মৃত্যু নিশ্চিত ভেবে দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে পথচারীরা রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা।
নাসিমের মামা শ্বশুর সাদেকুর রহমান বলেন, 'নাসিম ভালো ছেলে। কারও সাথে বিরোধ নাই। রিকসা চালিয়ে সংসার চালায়। আমরা ধারণা করছি, ছিনতাইয় চক্রের কবলে পড়ে প্রথমে নাসিমকে নির্জনে নিয়ে যায়। রিকসাটি না নিতে পেরে চক্রটি তাকে আহত করার চেষ্টা করে। এক পর্যায়ে নাসিম অজ্ঞান হয়ে মৃত প্রায় হলে; তখন চক্রটি ভয়ে পালিয়ে যায়। রিকসা ছিনতাইয়ের কারণে এই ধরণের ঘটনা ঘটতে পারে।'

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম জানান, নাসিমের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ধারণা করছি, রিকসা ছিনতাইয়ের উদ্দেশ্য নির্জন জায়গায় নিয়ে যেয়ে এই ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।