যশোরকে পরিচ্ছন্ন রাখতে মাঠে স্বেচ্ছাসেবক দল
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৪
স্টাফ রিপোর্টার:
যশোর শহরকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সকাল ৯টায় ঘোপ বউবাজার এলাকা থেকে জেলখানার মোড় পর্যন্ত ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আগে নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। তৃণমূল পর্যায়ে এমন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। নেতৃবৃন্দ যশোর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :