বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় সংসদের বিরোধী দলীয় উপনেতা হিসেবে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মনোনীত করা হয়েছে। এছাড়া সংসদের কার্যক্রম সমন্বয়ে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতসহ বিরোধী জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম নেতৃত্বের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম স্পিকারের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে সংসদের দ্বিতীয় বৃহত্তম দল ও প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। জামায়াতের নেতৃত্বে থাকা ১১ দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নেতৃত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের বিপরীতে সংসদে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ও তাদের জোট একটি শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছে। বিশেষ করে তরুণ ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলামকে চিফ হুইপ মনোনীত করা সংসদীয় রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করবে।
আপনার মতামত লিখুন :