বিয়ে না হওয়ায় মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬, ১০:৫৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিয়ে না হওয়ায় সজল বিশ্বাস (৩০) নামে এক যুবক তার মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১ মার্চ) সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামে নদীর পাশের একটি নিমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সজল বিশ্বাস ইছামতি গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। পেশায় একজন মৎস্যশ্রমিক ছিলেন তিনি।
নিহতের ভাই উজ্জ্বল বিশ্বাস বলেন, শনিবার রাতের খাবার শেষে নিজ ঘরে চলে যায় দাদা। রবিবার সকালে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশে নদীর পাড়ের একটি নিমগাছে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। তার গলায় ফাঁস দেওয়া শাড়িটিও ছিল মায়ের। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের প্রতিবেশী সম্পর্কে কাকা বদরুল ইসলাম বলেন, প্রায় ২০টির মত মেয়ে দেখা হলেও সজলের বিয়ে হচ্ছিল না। সেই কষ্ট ও পরিবারের সদস্যদের উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :