‘জাতীয় পার্টি মৃত, ১২ ফেব্রুয়ারি হবে জানাজা ও দাফন’: হাসনাত আব্দুল্লাহ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি অলরেডি মৃত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে এই মৃত দলের আনুষ্ঠানিক জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।"
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে জাতীয় পার্টিকে ‘ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "অত্যন্ত পরিতাপের বিষয়, তারা গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা দেশের মানুষের বিপক্ষে দাঁড়ায়, তাদের রাজনৈতিক অস্তিত্ব ১২ তারিখের পর আর থাকবে না।"
বিএনপির বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, "বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকলেও গোপনে ‘না’-এর কার্যক্রম চালাচ্ছে। এই ওপেন-গোপনের খেলা বন্ধ করুন। জনতার কাতারে এসে আগামী সংসদে ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন আনতে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করুন।"
নির্বাচনি প্রচারণায় অর্থ বা উপহারের প্রভাব নিয়ে ভোটারদের সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, "যারা ভোটের আগে শাড়ি, মুড়ি বা টাকা নিয়ে আসবে, তাদের প্রত্যাখ্যান করুন। একদিনের ভুলে ৫ বছর ভোগবেন না। আমরা আপনাদের টাকা বা ব্যাগ দিতে পারব না, কিন্তু ১০ দিন আমাদের জন্য খাটলে আমরা ৫ বছর আপনাদের গোলাম হয়ে থাকব।"
সুশাসনের অঙ্গীকার জনসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্টরা দিল্লির ‘গ্রিন সিগন্যাল’ নিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। দেশের জনগণ তাদের লালকার্ড দেখাতে প্রস্তুত। তিনি আরও বলেন, "স্বাধীনতার পর ৫৪ বছর ধরে বাকশাল থেকে শুরু করে আওয়ামী লীগ ও বিএনপি শুধু লুটপাটের শাসন করেছে। ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে শাপলা চত্বর, বিডিআর এবং জুলাই অভ্যুত্থানের প্রতিটি হত্যার বিচার করা হবে।"
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সভাপতিত্বে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম এবং রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :