যশোরে জেলা রোভার স্কাউটসের ‘ডে ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের আয়োজনে যশোরে দিনব্যাপী ‘ডে ক্যাম্প-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার যশোর পৌর পার্কে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে যশোর জেলার ৪৩টি কলেজের ৩৩১ জন রোভার ও গার্ল-ইন-রোভার এবং ৪৩ জন রোভার স্কাউট নেতা অংশ নেন।
এবারের ডে ক্যাম্পের মূল প্রতিপাদ্য ছিল—‘বিদ্যুৎ সাশ্রয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোভারদের করণীয়’।
যশোর জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ এ জেড ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোভার অঞ্চলের সাবেক সহ-সভাপতি সৈয়দ আযহারুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার রেকসোনা, অধ্যক্ষ তরিকুল ইসলাম এবং অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
আলোচনা সভায় বক্তারা বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় রোভারদের তাৎক্ষণিক দায়িত্ব ও মানবিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসব সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রোভারদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
দিনব্যাপী শিক্ষামূলক নানা আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে রোভারিংয়ের মূল সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধকে অংশগ্রহণকারীদের মাঝে তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :