• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর হাসপাতালে চেইন চুরির চেষ্টার দায়ে নারীর ১৫ মাসের কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টার দায়ে শাহানা বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত। একই সাথে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শাহানা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মাহামুদ আলীর স্ত্রী।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শাহানারা বেগম (৫০) নামে এক নারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে শাহানা বেগম তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টেনে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ও আশপাশের লোকজন তাঁকে হাতেনাতে আটক করে হাসপাতালের পুলিশ বক্সে সোপর্দ করেন।

পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার এসআই সিমন হাওলাদার ঘটনাস্থলে পৌঁছে আসামিকে হেফাজতে নেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহানা চুরির চেষ্টার কথা স্বীকার করলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করা হয়। প্রথম দিন শুনানিতে আসামি অস্বীকার করায় বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরদিন মঙ্গলবার আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক শাহানা বেগমকে ১ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।