বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল ও আমড়াখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আটক করা মালামালের মধ্যে রয়েছে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল এসকাফ (ESCUF) সিরাপ, ১৫টি শাড়ি, ২ প্যাকেট ফুসকা এবং ৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির এই কঠোর জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :