এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ বৃহস্পতিবার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০
নিজস্ব প্রতিবেদক:
এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এবারই প্রথম প্রচলিত নিয়মে শুধু নম্বর যোগের হিসাব না করে আবেদনকৃত খাতাগুলো পুনরায় পুরোপুরি মূল্যায়ন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফল প্রকাশের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিগত বছরগুলোতে পুনর্নিরীক্ষণের সময় কেবল নম্বর প্রদানে বা যোগে কোনো ভুল ছিল কি না—তা যাচাই করা হতো। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবার প্রথমবারের মতো অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে পুরো উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের ১১টি শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা দেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ে আবেদন করতে পারায় এবার আবেদনের সংখ্যাও রেকর্ড গড়েছে। ১১টি বোর্ডে লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র রয়েছে।
আবেদনের সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
অন্যান্য বোর্ডের মধ্যে:
- কুমিল্লা বোর্ড: ৩৫ হাজারের বেশি পরীক্ষার্থী
- রাজশাহী বোর্ড: ৩৯ হাজারের বেশি পরীক্ষার্থী
- চট্টগ্রাম বোর্ড: ৩৯ হাজারের বেশি পরীক্ষার্থী
- দিনাজপুর বোর্ড: ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী
- যশোর বোর্ড: ২৮ হাজারের বেশি পরীক্ষার্থী
- ময়মনসিংহ বোর্ড: ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী
- সিলেট বোর্ড: ২০ হাজারের বেশি পরীক্ষার্থী
- বরিশাল বোর্ড: ১৭ হাজারের বেশি পরীক্ষার্থী
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।
আপনার মতামত লিখুন :