• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬, ০৯:৫৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১০ জুলাই) সকালে তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডা. শফিকুর রহমান সরাসরি জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় যান। সেখানে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় জামায়াত আমিরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, "প্রাকৃতিক এই চরম দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।"

জামায়াত সূত্রে আরও জানা গেছে, বাঁশখালী সফর শেষে তিনি সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন। পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর তীব্র জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্পট পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, গত কয়েকদিনের নজিরবিহীন বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুলসংখ্যক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

দুর্গত এলাকা পরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।