• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শিশু যৌন শোষণ ও নির্যাতন তদন্তে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, যশোর:
শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভুক্তভোগী শিশুদের সুরক্ষা নিশ্চিত করে শিশুবান্ধব বিচারিক পরিবেশ গড়ে তুলতে যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ‘ট্রেনিং ফর ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস অন এসইসি ইনভেস্টিগেশন, ট্রমাটাইজেশন অ্যান্ড ভিকটিমহুড অ্যান্ড/অর চাইল্ড ফ্রেন্ডলি কোর্ট রুম প্রসিডিউরস’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‘ফ্রি এ গার্ল নেদারল্যান্ডস’ ও ‘জিম্যান’-এর সহযোগিতায় এবং ‘অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’ এ প্রশিক্ষণের বাস্তবায়ন করে। কর্মশালায় যশোর জেলার বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কে কর্মরত ২০ জন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

দিনব্যাপী এই প্রশিক্ষণে শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা প্রাথমিক শনাক্তকরণ, সঠিক তদন্ত পদ্ধতি, ভুক্তভোগী শিশুর মনস্তাত্ত্বিক ট্রমা নিরসন, গোপনীয়তা বজায় রেখে তথ্য ও প্রমাণ সংগ্রহ, শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আদালত কক্ষে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি ও বক্তব্য গ্রহণের বিভিন্ন ব্যবহারিক কৌশল নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ পর্বটি যৌথভাবে পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) এবং এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার। এ সময় অন্যান্যের মধ্যে এসিডির এরিয়া ম্যানেজার হুমায়ুন কবিরসহ সংস্থার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।