১১ দলীয় জোট প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা নির্বাচন কমিশনের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭
অনলাইন ডেস্ক:
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে।
মনোনয়নপত্র বাতিলের পর এক প্রতিক্রিয়ায় ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, “অলি আহমদের মনোনয়নপত্র সম্পূর্ণ সঠিক পাওয়া গেছে এবং আগামী ২০ আগস্টের নির্বাচনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আর প্রয়োজন পড়ে না।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা থাকলেও ১১ দলীয় ঐক্য এই নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবে।” এই প্রার্থীর প্রস্তাবক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
আপনার মতামত লিখুন :