যশোরের সহকারী জজ পরিচয়ে প্রতারণার অভিযোগে যশোরের জিয়া পীর আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬, ১৪:১৯
নিজস্ব প্রতিবেদক
যশোরের সহকারী জজ পরিচয়দানকারী জিয়া পীরকে আটক করেছে ঈশ^রদী থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থানা থেকে তাকে আটক করা হয়। সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী যশোর শহরের বাগমারা রোডের মৃত আব্দুল আলীমের ছেলে এবং যশোর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সেরেস্তাদার (চাকরিচ্যুত)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি এক নারীসহ ঈশ্বরদী থানার এসে নিজেকে যশোরের সহকারী জজ হিসেবে নিজেকে পরিচয় দেন। এসময় তিনি পুলিশি পাহারায় রাত্রীযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ হয়।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করা হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি বিচারক, ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে থানায় এসেছেন পুলিশ পাহারায় রাত্রী যাপনের জন্য। এরমধ্যে তার সাথে আসা নারী বিষয়টি বুঝতে পেরে সটকে পড়েন। যশোর আদালতে খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়েছে। আটক জিয়া পীরের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগ মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী যশোর জেলা ও দায়রা জজ আদালতে চাকরি করতেন। নৈতিক স্খলনের অভিযোগে সর্বশেষ সেরেস্তদারের পদ থেকে তিনি চাকরি হারান। এর আগে সৈয়দ জিয়া পীর জেলা জজের একান্ত সহকারী থাকা অবস্থায় নানা লোকের কাছ থেকে চাকরি দেয়ার নামে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে মামলাও হয়েছে আদালতে।
আপনার মতামত লিখুন :