টানা বৃষ্টিপাতে লাগামহীন যশোরের কাঁচাবাজার, ৫০ টাকার নিচে নেই কোনো সবজি
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬, ০৬:১১
স্টাফ রিপোর্টার:
কয়েক দিনের টানা বৃষ্টিপাতের নেতিবাচক প্রভাব পড়েছে যশোরের কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে লাগামহীনভাবে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজিই, আর কাঁচা মরিচের দাম ঠেকেছে দুইশো টাকায়।
শুক্রবার (২৪ জুলাই) যশোরের শহরের বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় সবজির এমন ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি কচুর লতি ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, শসা ১২০ টাকা, কুমড়ো ৫০ থেকে ৬০ টাকা, কচু ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া প্রতি আটি পুঁইশাক ৪০ টাকা, লাল শাক ও সবুজ শাক ৩০ টাকা এবং শাকের ডাটা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে, কিছু সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায় (কোথাও কোথাও ২৫০ টাকা), টমেটো ১৩০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে বড় বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী হাশেম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি ছিল। আজ এসে দেখছি দাম আরও এক ধাপ বেড়েছে। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজিই নেই, বেশিরভাগের দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। বর্ষায় বৃষ্টির কারণে দাম একটু বাড়তেই পারে, তাই বলে এতটা? বাজারে বিক্রেতারা যে যার মতো দাম হাঁকাচ্ছেন, কোনো তদারকি নেই।"
সবজির দরবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বাজারের সবজি বিক্রেতা নাসিম জানান, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে কৃষকের অনেক ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিকের চেয়ে অনেক কম।
এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বাজারে সবজির দাম এমনই চড়া থাকবে। তবে আবহাওয়ার উন্নতি হলে এবং সরবরাহ বাড়লে আবার দাম কমে আসবে বলে আশা করছেন বিক্রেতারা।
আপনার মতামত লিখুন :