যশোরে তরুণ সাংবাদিক ছাকিন হোসেন আর নেই
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬
নিজস্ব প্রতিবেদক:
যশোরে ছাকিন হোসেন (২৭) নামে এক তরুণ সংবাদকর্মীর অকাল ও মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ছাকিন হোসেন স্থানীয় দৈনিক ‘সুবর্ণভূমি’র স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘গ্রিন টেলিভিশন’-এর যশোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেখহাটি তরফ নওপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছাকিন বেশ কিছুদিন ধরে নানা পারিবারিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরের ভেতর গলায় রশি দিয়ে ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। স্বজনরা ছাকিন হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তরুণ ও সম্ভাবনাময় এই সংবাদকর্মীর আকস্মিক ও অকাল মৃত্যুতে যশোরের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও স্থানীয় সাংবাদিকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :