• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানেই সমৃদ্ধ বাংলাদেশ’: প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১২
ছবির ক্যাপশন:

স্বপ্নভূমি ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চাবিকাঠি। দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার ইতিবাচক ও অনুকূল পরিবেশ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আইনের শাসন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করা হবে। সরকার দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার এবং মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

জনগণের অর্পিত ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "সরকারের একটি সুনির্দিষ্ট ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে— জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার।" তিনি আরও যোগ করেন, সরকার এখন কেবল মুখের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তবে রূপায়ণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা সহজে পৌঁছে দিতে প্রযুক্তিভিত্তিক সামাজিক সুরক্ষার কথা তুলে ধরেন সরকারপ্রধান। তিনি জানান, 'ফ্যামিলি কার্ড', 'কৃষক কার্ড' ও 'হেলথ কার্ড'-এর মাধ্যমে জনগণের জন্য বিভিন্ন সরকারি সহায়তা কার্যক্রমকে আরও সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। ভবিষ্যতে একটি 'ইউনিভার্সেল কার্ড'-এর মাধ্যমে এক ছাতার নিচে সমন্বিত সব সরকারি সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

উল্লেখ্য, সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী এই বৈশ্বিক সংলাপে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রায় ২০০ জন বিশেষজ্ঞ বক্তা উপস্থিত রয়েছেন।

এবারের তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ (পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা)।