যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চোর আটক
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯
নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের ঘোপ এলাকার একটি বাড়ির গ্যারেজ থেকে চুরি হওয়া এফজেড ভার্সন-২ মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ ওরফে অনিক নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে অপর আসামি মোজ্জাম্মেল সাগর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আটক হানিফ ওরফে অনিক শহরতলীর কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে। অপর আসামি মোজ্জাম্মেল সাগর সদরের তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মোটরসাইকেলের মালিক পিলু খান সড়কের কাজী নাইমুর রহমান এ ঘটনায় দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে , গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে কাজী নাইমুর রহমান তাঁর এফজেড ভার্সন-২ মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান। ভোরে সেটি চুরি হয়েছে দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। মোটরসাইকেলটি না পেয়ে সোমবার সকালে থানায় অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তদন্ত শুরু হয়। পরে বাহাদুরপুর বাঁশতলা এলাকা থেকে হানিফ ওরফে অনিককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনের কথোপকথন পর্যালোচনা করে অপর আসামি সাগরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে হাশিমপুর সেলফি মোড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাগর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :