• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে না নিলে টুর্নামেন্ট বর্জনের পথে হাঁটতে পারে বাংলাদেশ। আর বাংলাদেশের এমন অনড় অবস্থানে সংহতি জানিয়ে এবার বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

পিসিবি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। মূলত বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানানো এবং আঞ্চলিক ক্রিকেটে প্রভাব বজায় রাখতেই এমন সিদ্ধান্তের কথা ভাবছে ইসলামাবাদ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্ট এখন বড় ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সংকটের মুখে।

ঢাকা ও দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়েছে ক্রিকেটে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়ার পর থেকেই বিসিবি ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়। বাংলাদেশের দাবি ছিল, তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। তবে আইসিসি তাদের সর্বশেষ বোর্ড সভায় এই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। হয় ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিয়ে খেলতে হবে, নয়তো বিকল্প কোনো দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। আইসিসির মতে, সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি ছাড়া সূচি পরিবর্তন করলে তা ভবিষ্যতে বিশৃঙ্খলা তৈরি করবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে (৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি)। গ্রুপের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। এখন বাংলাদেশের সামনে দুটি বিকল্প: হয় নিজেদের অবস্থান থেকে সরে এসে ভারতে খেলা, নয়তো টুর্নামেন্ট থেকে পুরোপুরি নাম প্রত্যাহার করে নেওয়া।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তবে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করলে বড় ধরনের বাণিজ্যিক ও দর্শক খরায় পড়তে পারে আইসিসি। শেষ পর্যন্ত আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কি না, এখন সেটিই দেখার বিষয়।