নির্ধারিত সময়ের মধ্যেই হজের শতভাগ বাড়িভাড়া সম্পন্ন হবে: ধর্ম উপদেষ্টা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৩
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন হজের সার্বিক কার্যক্রম নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, হজযাত্রীদের আবাসন নিশ্চিত করতে শতভাগ বাড়িভাড়া চুক্তি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে নিরলস কাজ করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের মক্কা ও মদিনায় আবাসন নিশ্চিত করার বিষয়টি মন্ত্রণালয় নিবিড়ভাবে তদারকি করছে। ইতোমধ্যে মক্কা ও মদিনা উভয় স্থানে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে। অবশিষ্ট হজযাত্রীদের জন্য বেঁধে দেওয়া সময়ের (ডেডলাইন) মধ্যে চুক্তি শেষ করতে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বাংলাদেশের হজ কার্যক্রমের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তবে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে রোডম্যাপ অনুসরণ করে দ্রুত বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশের হজযাত্রীদের কোটা নির্ধারণে সহযোগিতার জন্য সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ধর্ম উপদেষ্টা। এছাড়া দুই দেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত ও মজবুত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম ও যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :