বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬, ০৯:১৫
ক্রীড়া প্রতিবেদক
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রের ডালাসে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় পেলেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও আজকের ম্যাচে একাদশে একটি বাধ্যতামুলক পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আজ বিশ্রামে থাকছেন ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। তাঁর পরিবর্তে রাইট-ব্যাক পজিশনে আজ শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।
দলের আরও দুটি পজিশন নিয়ে গুঞ্জন ও আলোচনা থাকলেও আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়া মূল একাদশই প্রায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। গোড়ালির চোট কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে আলভারেজের সুযোগ পাওয়ার গুঞ্জন থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় স্কালোনি আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন।
অন্যদিকে মাঝমাঠ ও আক্রমণভাগের সংযোগস্থলে থিয়াগো আলমাদার জায়গা নিয়ে নিকোলাস গঞ্জালেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আলমাদাই রেসে এগিয়ে আছেন। ফলে প্রথম ম্যাচের মতো আজও তাকেই শুরুর একাদশে দেখা যেতে পারে।
ডিফেন্সে বাঁ প্রান্তে যথারীতি খেলবেন ফাকুন্দো মেদিনা। চোট থেকে পুরোপুরি সেরে উঠলেও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা দল। তাকে শুরুর একাদশে না রেখে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনা করে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও কিছু সময়ের জন্য মাঠে নামাতে পারেন কোচ স্কালোনি।
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা/নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
আপনার মতামত লিখুন :