• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বৃষ্টি উপেক্ষা করে বাঘারপাড়ায় ফুটবলার ট্যালেন্টহান্ট: কাদামাটির মাঠে তরুণদের স্বপ্নের দৌড়


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬, ০২:১৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
আকাশজুড়ে কালো মেঘ আর থেমে থেমে ঝরা শ্রাবণের বৃষ্টি—এমন আবহাওয়ায় ঘরের উষ্ণতা ছেড়ে মাঠের কাদামাটিতে নেমেছিল একঝাঁক অদম্য তরুণ। চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন আর মনে নিজেকে প্রমাণ করার অদম্য প্রত্যয় নিয়ে যশোরের বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফুটবলার ট্যালেন্টহান্ট।

বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ ট্যালেন্টহান্টে ১৪ থেকে ২০ বছর বয়সী প্রায় ১০০ জন উদীয়মান ফুটবলার অংশ নেন। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বাছাই কার্যক্রম ও খেলোয়াড়দের দক্ষতা মূল্যায়ন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খুদে ফুটবলারদের ড্রিবলিং, নিখুঁত পাস ও গতি মুগ্ধ করে উপস্থিত নির্বাচক ও দর্শকদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

তিনি বলেন, “গ্রামের মাঠেই দেশের ভবিষ্যৎ ফুটবলারদের জন্ম হয়। সঠিক পরিচর্যা ও আধুনিক প্রশিক্ষণ দেওয়া গেলে শহরের মতো গ্রামের মেধাবী খেলোয়াড়রাও একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে। বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের এ উদ্যোগ সম্ভাবনাময় খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়ার বড় পদক্ষেপ।”

তিনি আরও যোগ করেন, নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গঠনে ভূমিকা রাখে।

এর আগে ফুটবলার ট্যালেন্টহান্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, বাস্কেটবল সংগঠক ও ক্লাবের যুগ্ম সম্পাদক রায়হান সিদ্দিকী এবং স্থানীয় ক্রীড়া সংগঠক হালিম রেজাসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল একদিনের প্রতিযোগিতা নয়; বরং তৃণমূলের লুকানো প্রতিভাদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে বাঘারপাড়া থেকে একদিন জাতীয় পর্যায়ের তারকা ফুটবলার উঠে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।