যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ কর্মী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯
নিজস্ব প্রতিবেদক
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত যৌথ অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, যশোর শহরের নতুন খয়েরতলা মণ্ডলপাড়ার হাবিবুর রহমানের ছেলে নাজু, বিরামপুর পশ্চিমপাড়ার মৃত শেখ নজরুল ইসলাম ছেলে রিয়াজ, সদরের মঠবাড়ী গ্রামের মৃত হাশেম আলী মণ্ডলের আনোয়ার হোসেন ও বিরামপুর নওয়াপাড়ার পবিত্র দাসের ছেলে রানা দাস।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে ২০০ থেকে ২২০ জনের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৫৫ জনের নাম উল্লেখসহ অপরিচিত ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করে। বুধবার আটক চারজনকে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার তদন্তে গ্রেফতার চারজনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :