গণভোটের রায় না মানলে জামায়াত আমিরের নেতৃত্বে গণঅভ্যুত্থান হবে: ডাকসু ভিপি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩
স্টাফ রিপোর্টার :
গণভোটের জনরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, সরকার অবিলম্বে গণভোটের রায় মেনে না নিলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশে আরেকটি গণঅভ্যুত্থান সংঘটিত হবে।
তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি ও সন্ত্রাসের বিরুদ্ধে ১১ দলীয় জোট লংমার্চে নেমেছে। দেশে সৃষ্ট সংকট নিরসনে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) যশোর শহরের মুড়লি মোড়ে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাদিক কায়েম বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান ও শহীদ ওসমান হাদীর স্বপ্নের ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করবে কিংবা দেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের পরিণতি ভালো হবে না। সরকারকে এখনো সময় আছে উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে গণভোটের জনরায় মেনে নিতে হবে। পাশাপাশি দলীয়করণের মাধ্যমে দেশে যে সংকট তৈরি হয়েছে, তা দূর করতে হবে।
ডাকসু ভিপি বলেন, দাবি মেনে না নিলে আমিরে জামায়াতের নেতৃত্বে আরেকটি গণঅভ্যুত্থান হবে। সেই আন্দোলনের মধ্য দিয়ে শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পথসভায় তিনি লংমার্চের পরবর্তী কর্মসূচি ও দাবি আদায়ের আন্দোলনে অংশ নিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :