• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

৫ দিন পেছালো একুশে বইমেলা: প্রকাশকদের জন্য স্টল ভাড়া মওকুফ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত ২০ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি। একই সাথে প্রকাশকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবারের মেলায় অংশগ্রহণকারী সকল প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে বাংলা একাডেমি ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর ঘোষণা দিলেও সার্বিক প্রস্তুতি ও প্রকাশকদের অনুরোধে তা পাঁচ দিন পিছিয়ে দেওয়া হয়। সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম মেলার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করেন।

প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এবারের মেলায় স্টল ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ পাননি, তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রকাশকদের আজ ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে একই দিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা বলেন, বইমেলাকে আরও জনবান্ধব ও সৃজনশীল করার লক্ষ্যেই এই ছাড় ও সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।