ডাকাত সন্দেহে মসজিদে মাইকিং করে পাঁচ যুবককে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫
স্টাফ রিপোর্টার :
রাতের আঁধারে গ্রামে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে কয়েকজনের প্রবেশ। তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে ডাকাতির আশঙ্কা ছড়িয়ে পড়ে গ্রামবাসীর মধ্যে। মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। এরপর স্থানীয়দের ধাওয়া ও গণপিটুনির শিকার হন পাঁচ যুবক। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। আটক যুবকদের বাড়ি ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামে। তাঁরা হলেন রাসেল, নাহিদ, নিরব, সুজন ও তানজিম।
স্থানীয়দের ভাষ্য, রাত ১১টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে কয়েকজনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধাওয়া করেন। একপর্যায়ে মান্দারতলায় প্রাইভেটকারটি ফেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে মালোপাড়া এলাকা থেকে পাঁচ যুবককে আটক করে মারধর করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
ডাকাতির খবর ছড়িয়ে পড়লে আশপাশের দুই গ্রামের মানুষ রাস্তায় নেমে আসেন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আটক যুবকদের বক্তব্যে ভিন্নতা দেখা যায়। তাঁদের একজন বলেন, এক আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা আদায় করতে এসেছিলেন। আরেকজনের দাবি, তাঁদের একজনের স্ত্রীকে নিতে এলাকায় এসেছিলেন তাঁরা। অন্য একজন এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাঁদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :