যশোরে আধিপত্য ও বাওড় কেন্দ্রিক বিরোধে শর্টগানের গুলিতে আহত ৫
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১
স্টাফ রিপোর্টার :
যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তার ও বাওড় দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের শর্টগানের ছররা গুলিতে একই গ্রামের অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলের দিকে শার্শা থানাধীন কন্যাদহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের রাত ৯:৪০ ঘটিকায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন—কন্যাদহ গ্রামের মৃত মতিয়ার গাইনের ছেলে শাহ আলম (৩৮), খলিল গাইনের ছেলে আব্দুল্লাহ (৩২), হাশেম গাইনের ছেলে মিঠু (৩০), বকুলের ছেলে শাকিল (১৫) এবং আকবার আলীর ছেলে আকাশ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার এবং কন্যাদহ বাওড় নিয়ে গ্রামের আশানুর গ্রুপ ও ভিকটিমদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার সময় প্রতিপক্ষ আশানুর (৪২, পিতা- নুর ইসলাম বদ্দী), ইমলু (৩৫, পিতা- শাহাজাহান), শাহাজান (৫৫, পিতা- মৃত কোরমান) ও সিরাজুল (৩৫, পিতা- মৃত মিজানুর) সহ তাদের সঙ্গীরা ভিকটিমদের ওপর চড়াও হয়। একপর্যায়ে আশানুর তার কাছে থাকা শর্টগান দিয়ে তাদেরকে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে।
শর্টগানের ছররা গুলিতে পাঁচজনই শরীর ও হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। উদ্ধার করে তাদেরকে প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ৯:৪০ ঘটিকায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপরাধীদের আটক করতে কন্যাদহ গ্রামসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :