নিজস্ব প্রতিবেদক:
যশোরের কোতোয়ালি মডেল থানাধীন দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আনোয়ারা বেগম (৫৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত ছেলে মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন (৪৫) লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুনের এর আগে দুটি বিয়ে হয়েছিল। উভয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে বিবাহবিচ্ছেদ হয়। মামুন তার মাকে স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী মনে করতেন। এ নিয়ে এর আগেও মায়ের সঙ্গে তার বিরোধ ও মারপিটের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন। স্থানীয়দের দাবি, মামুন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বিকেলে বাড়িতে এসে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :