যশোরে পৈতৃক জমি ফিরে পেতে মিমির আর্তনাদ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬, ১৫:১১
স্টাফ রিপোর্টার :
যশোরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা, জালিয়াতি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোছা. মাছুদা পারভীন মিমি নামের এক এতিম নারী। তার অভিযোগ, প্রভাবশালী দুই চাচা ও ফুফুরা মিলে তার বাবার রেখে যাওয়া কয়েক কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছেন।
রোববার (১ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিমি ও তার জমির ক্রেতারা এই অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে মিমি জানান, প্রায় পাঁচ বছর আগে তার পিতা মাসুদুল হক মৃত্যুবরণ করেন। তিনি তার পিতার একমাত্র সন্তান। যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মৌজায় তার বাবার রেখে যাওয়া ৩ একর ৮৪ শতক জমি রয়েছে। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, মিমি ৬৬ শতক জমির আইনগত দাবিদার।
মিমির অভিযোগ, তার বড় চাচা মাহমুদুল হক ও ছোট চাচা মঞ্জুরুল হক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং তাকে অসহায় পেয়ে ভুল বুঝিয়ে মাত্র ২৯ শতক জমি বুঝিয়ে দেন। অবশিষ্ট জমি দাবি করায় তাকে বারবার প্রকাশ্যে অপমান করা হয়েছে এবং প্রভাবশালী মহলের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ ফেব্রুয়ারি মিমি তার প্রাপ্ত অংশের কিছু জমি পান্না শেখ ও সানি আহমেদ নামের দুই ব্যক্তির কাছে বিক্রি করেন। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি ক্রেতারা জমিতে কাজ করতে গেলে চরম বাধার মুখে পড়েন।
ভুক্তভোগী ক্রেতা পান্না শেখ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা বৈধভাবে জমি কিনে কাজ করতে গেলে সেলিম রেজা পান্নুর ম্যানেজার সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে একদল ক্যাডার আমাদের ওপর চড়াও হয়। পরে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। ২৮ ফেব্রুয়ারি থানায় মিমাংসার কথা থাকলেও প্রতিপক্ষ চাচারা উপস্থিত হননি। এতে আমরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি।"
মিমি অভিযোগ করেন, তার চাচারা আইনের তোয়াক্কা না করে ক্ষমতার জোরে তাকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করতে চাইছেন। পুলিশ গত ২৮ ফেব্রুয়ারি উভয় পক্ষকে থানায় ডাকলেও তার চাচারা সেখানে যাননি। উল্টো সন্ত্রাসীদের ব্যবহার করে জমির ক্রেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এতিম এই নারী তার পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে মিমির স্বজন ও জমির ক্রেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :