• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬, ১৪:৫২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৬তম বার্ষিকীতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সাভার থেকে ঢাকা ফেরার পথে সকাল ৭টার মধ্যে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘স্বাধীনতা দিবস কুচকাওয়াজ’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।"

তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা নারী এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তিনি দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।