• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হামের সংক্রমণে সারা দেশে ১২ মৃত্যুর মধ্যে ৫ জনই খুলনা বিভাগের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬, ১৩:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক 
সারা দেশে হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ও নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মোট ১২ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই খুলনা বিভাগের। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ৯৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৫ জন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহে ১ জন করে মোট ২ জন শিশু ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ; এখানে গত ২৪ ঘণ্টায় ৩৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যায় খুলনা ও যশোর অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মাত্র ২১ দিনের ব্যবধানে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই সময়ে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সন্দেহজনক ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীসহ মোট ১৩০ জন শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮০ জন। খুলনা ও যশোর অঞ্চলের জেলা সদর হাসপাতালগুলোতে শিশুদের শয্যা সংকটের খবর পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই প্রাদুর্ভাব রুখতে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার বিকল্প নেই। বিশেষ করে খুলনা ও যশোর অঞ্চলে যেখানে মৃত্যুর হার বেশি, সেখানে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চার শরীরে জ্বর, র‍্যাশ বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।