নিজস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দেশীয় একটি শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে অভয়নগর থানার চলিশিয়া বাগমারা গ্রামস্থ হালিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, অভয়নগর থানার ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮), বুইকরা এলাকার নেছার আলী খাঁর ছেলে মোঃ বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে মোঃ জুয়েল গাজী (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের উপপরিদর্শক মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম বাগমারা গ্রামের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আল আমিন শেখ তাঁর প্যান্টের পেছনে গোঁজানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলি বের করে দেন।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে মামলার অন্যতম সহযোগী মোঃ জুয়েল গাজীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :