বিদ্যুৎ সংকট কাটাতে প্রধানমন্ত্রীর আলটিমেটাম: চ্যালেঞ্জ গ্রহণ করে খোলা চিঠি বিরোধী দলের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭
দেশে চলমান তীব্র জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর এই আলটিমেটামের জবাব দিয়ে জানান, বিরোধী দলের সমাধান প্রস্তাব ইতোমধ্যেই সরকারের কাছে দেওয়া রয়েছে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, কোনো রাজনৈতিক দল যদি আগামী ছয় মাসের মধ্যে জ্বালানি সংকট সমাধানের সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা দিতে পারে, তবে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “চ্যালেঞ্জ দেওয়ার আগেই সরকারের জানা উচিত ছিল যে সমাধান ইতোমধ্যেই টেবিলে রাখা আছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প (৩০ দিন), মধ্য (৬-১৮ মাস) ও দীর্ঘমেয়াদি ধাপে মোট ১৫ দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন।”
বিদ্যুৎ খাতের পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে বিরোধী দলীয় এই নেতা বলেন, বিশাল আকারের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও বিরোধী দলের যৌক্তিক প্রস্তাবনাগুলো সরকারের কাছে না পৌঁছানো প্রশাসনিক অদক্ষতারই প্রমাণ।
সংকট নিরসনে অবিলম্বে ‘মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫’ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, এই নীতিতে বেসরকারি উৎপাদক সরাসরি বড় শিল্পে বিদ্যুৎ বিক্রি করতে পারে এবং এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত কোনো অর্থ লাগে না। মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়ন ছাড়াও বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনার উদ্দেশ্যে অবিলম্বে সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
লোডশেডিং পরিস্থিতির বিষয়ে হাসনাত আব্দুল্লাহ যোগ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের উচিত জাতির কাছে জবাবদিহি করা যে কেন গত ছয় মাসে দেশ এমন অভূতপূর্ব বিদ্যুৎ সংকটে পড়ল। জনগণ ছয় মাস পর বিচার করবে—সমাধানের অভাব ছিল নাকি তা বাস্তবায়নে ক্ষমতার অপপ্রয়োগ ও সক্ষমতার ঘাটতি ছিল।
আপনার মতামত লিখুন :