নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে যশোরে হোটেল শ্রমিকদের স্মারকলিপি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ অগাস্ট ২০২৬, ১৬:০৩
স্টাফ রিপোর্টার :
হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা পরিকল্পিত জিডি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশে হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এর আগে ইউনিয়নের জেলা কার্যালয় পাইপপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের হাতে স্মারকলিপি তুলে দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন এবং সংগ্রাম পরিষদের নেতা মো. রাজুসহ অন্যান্যেরা।
স্মারকলিপিতে বলা হয়, হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকেরা নামমাত্র মজুরিতে অতিরিক্ত সময় কাজ করলেও নিয়োগপত্র, পরিচয়পত্র ও আইনগত নানা সুযোগ-সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। ২০২৫ সালের ৫ মে এই খাতের জন্য সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, আইনগত অধিকার আদায়ে সোচ্চার হওয়ায় শ্রমিকদের কণ্ঠরোধ করতে এবং আন্দোলন দমাতে কিছু মালিকপক্ষ পরিকল্পিতভাবে জিডি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি ঢাকার একটি রেস্তোরাঁয় অপরাধীদের পাশাপাশি নিরীহ শ্রমিকদেরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
স্মারকলিপিতে অবিলম্বে ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করা, নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :