যশোরে ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬, ১৫:০০
নিজস্ব প্রতিবেদক
যশোরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৩ মে) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের তপস্বীডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলেয়া বেগম খুলনা সদর থানার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং আবু তাহেরের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি চৌকস দল বুধবার দুপুরে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে অবস্থান নেয়। এ সময় খুলনা থেকে যশোরগামী ‘জাহিদ জেএন সুপার’ নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী আলেয়া বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী সদস্যদের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রাখা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার বিকেলেই আটক আলেয়া বেগমকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের প্রবেশ রোধে মহাসড়কগুলোতে তাদের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :