অভয়নগরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬, ১৩:৩৬
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় আবু বক্কার গাজী ও তার তিন সহযোগির বিরুদ্ধে ‘মামলাবাজ’ চক্র দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রবিবার (১৭ মে) দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মনিরুল গাজী।
এ সময় তিনি জানান, আমার আপন বড়ভাই আবু বক্কার গাজী ও তার সহযোগি বিজিবির সাবেক সদস্য আব্দুল ওহাব, আত্মীয় নূর মোহাম্মদ ও তার ছেলে লিটন এলাকায় ‘মামলাবাজ’ চক্র হিসেবে পরিচিত। তাদের অত্যাচারে নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ও পোড়াবাড়ি এলাকার মানুষ অতিষ্ঠ।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, বাবা মুনতাজ আলী গাজীর মৃত্যুর পর বড়ভাই তার তিন সহযোগিকে নিয়ে এলাকায় মামলা বাণিজ্য শুরু করেন। মামলার সাক্ষী হতে রাজি না হলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে শুরু করেন। চলতি বছরের ১২ মে এমনই এক ঘটনায় আমাকে জড়িয়ে আমার মেঝোভাই মো. মারুফুজ্জামান, আমার স্ত্রী নিলুফার ইয়াসমিন, ছোটভাই মো. রমজানের স্ত্রী নাছমিনা বেগমের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি ফৌজদারি মামলা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী সালেহ আহম্মেদ বলেন, ২০২৫ মালের জুলাই মাসের শুরুতে আমাকেসহ বুইকারা গ্রামের মৃত বক্কার মোল্যার ছেলে মির্জা মোল্যা, একই গ্রামের ফজের মল্লিকের ছেলে মো. ফজলুর রহমান ও করিম খাঁর ছেলে সামাদ খাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন আবু বক্কার গাজী। চাঁদার টাকা দিতে রাজি না হলে আমাদের বিরুদ্ধে ২০২৫ সালের ৮ জুলাই বিজ্ঞ আদালতে একটি চাঁদাবাজির মিথ্যা মামলা করেন তিনি।
অপর ভুক্তভোগী ফজলুর রহমান বলেন, আবু বক্কার তার নিজের জমির পেঁপে গাছ কাটার পর মিথ্যা সাক্ষী দিতে বলেন। এতে রাজি না হলে আমাকে ও আমার ছেলে হৃদয়ের নামে বিজ্ঞ আদালতে গাছ কাটা ও প্রাণনাশের হুঁমকির অভিযোগে একটি মামলা করেন। এছাড়া আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বুইকারা গ্রামের পোড়াবাড়ি এলাকার মশিয়ার রহমানের ছেলে ব্যবসায়ী মফিজুর রহমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে আবু বক্কারের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মামলাবাজ’ চক্রের সকল সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে অভিযুক্ত আবু বক্কার গাজী মুঠোফোনে বলেন, ‘সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তবে আমার দায়ের করা সব মামলাগুলো সত্য।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবু বক্কার গাজীর মা মইবুল বিবি, এলাকাবাসী শাহাদাত হোসেন, মিজানুর রহমান, আব্দুস সামাদ খান, নিজাম মোল্যা, মো. জাকির, আব্দুল খালেক সরদার, সবুর মৃধা, মফিজুর রহমান, আলমগীর শেখ প্রমুখ।
আপনার মতামত লিখুন :